প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2026 ইং
আনোয়ারার বৈরাগবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই: ইঞ্জিনিয়ার মেহেদী হাসান চৌধুরী সাকিব

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মেহেদী হাসান চৌধুরী সাকিব।
সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পাঁচবারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরীর অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আমার বাবা সারাজীবন এই ইউনিয়ন ও আনোয়ারার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তাঁর আদর্শ ধারণ করেই আমি মানুষের খেদমত করতে চাই।’
সোমবার (১৯ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী উপলক্ষে বৈরাগ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে ইঞ্জিনিয়ার সাকিব বলেন, ‘বৈরাগ ইউনিয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ থাকবে না। সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন, আধুনিক ও সুন্দর বৈরাগ ইউনিয়ন গড়ে তুলতে চাই।’
এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত পূজারি ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও তাঁর বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট